চোট নিয়েও ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন। কিন্তু খেলা হয়নি ইমরুল কায়েসের। আঙ্গুলের চোট সেরে উঠতেই আবার স্কোয়াড থেকে বাদ। তবে ইমরুল আছেন চেনা পথেই! শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের বার্তাই দিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলে ফিরেছেন ইমরুল। ১২৯ বলের ইনিংসটি ১৪টি চার ও ৬টি ছয়ে সাজানো।
একই ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৬তম সেঞ্চুরি করে অপরাজিত আছেন দুর্দন্ত ফর্মে থাকা তুষার ইমরান। তার সংগ্রহ ১২৩ রান।
দুই সেঞ্চুরিতে লিডের পথে রয়েছে সাউথ জোন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩৯৭ রান।
এদিন ২৯ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, আল-আমিন জুনিয়র ৪৬ ও নুরুল হাসান সোহানের ব্যাটে আসে ৩৫ রান।
প্রথম ইনিংসে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে ৪০৮ রান তুলেছে নর্থ জোন।







