যে মাঠে খেলতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় রক্ত ঝরেছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সেই লাহোরেই ম্যাচ খেলবে লঙ্কান ক্রিকেটাররা। একটি টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আবার পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যাচ্ছে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেপ্টেম্বর শেষ সপ্তাহে দুই দলের লড়াই শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে। তবে এই সিরিজেরই শেষ টি-টুয়েন্টি ম্যাচটি হবে লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আবুধাবিতে ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট (৬-১০ অক্টোবর) দুবাইয়ে। দিবারাত্রির টেস্টের পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর দুবাইয়ে। বাকি ম্যাচ হবে ১৬, ১৮, ২০ ও ২৩ তারিখে। আর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি হবে ২৬ ও ২৭ অক্টোবর।
আর শেষ ম্যাচটি পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পিসিবি লাহোরের কথা বললেও একটা কিন্তু রেখেছে। নিরাপত্তা নিয়ে কোনও রকম শঙ্কা থাকলে ম্যাচ আরব আমিরাতেই।
নিরাপত্তাজনিত কারণে ২০০৯ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক রকম বন্ধ। আট বছরে জিম্বাবুয়ে ও আফগানিস্তান ছাড়া আর কোনও আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি।









