অনেক মন খারাপের রাতে যখন আশে পাশে সবাই ঘুমিয়ে আছে, তখন কি আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’ শুনেছেন কখনো? অথবা প্রিয় মানুষটি যখন অনেক দূরের কেউ, তখন কি ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি কাঁদিয়েছে? জীবনের নানা মুহূর্ত, সুন্দর কিংবা কষ্টের স্মৃতির সঙ্গে এভাবেই জড়িয়ে আছে আইয়ুব বাচ্চুর গান।
আইয়ুব বাচ্চু গানে গানে বলেছিলেন, তিনি একদিন বহুদূরে চলে যাবেন। বলেছিলেন, সেই দিনে অশ্রু গোপন করতে। আইয়ুব বাচ্চুর কোন গানটির সঙ্গে আপনার নিবিড় স্মৃতি রয়েছে? ঠিক এই মুহূর্তে এই জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পীর কোন গানটির কথা বেশি মনে পড়ছে আপনার? জানতে চাওয়া হয়েছিল চ্যানেল আই অনলাইনের ফেসবুক ভ্যারিফাইড পেজে। পাঠকরা জানিয়েছেন তাদের প্রিয় গানের কথা। আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা জানিয়েছেন তারা।
ভক্তদের কমেন্টে দেখা গেছে, আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার এই কষ্টের মুহূর্তে তাঁর ভক্তরা বেশী মনে করছেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি। আইয়ুব বাচ্চুর অসময়ে হারিয়ে যাওয়াটা মানতে পারছেন না ভক্তরা। খুব চেনা মানুষটি যেন হঠাৎ অচেনা হয়ে গেছেন। আরেকটি গান এর কথা ভক্তরা খুব মনে করছেন, সেটা হলো ‘রুপালী গিটার ছেড়ে।’ যেন কঠিন সত্যটি আইয়ুব বাচ্চু আগেই বলে দিয়েছিলেন। সত্যি সত্যি তাঁর রূপালি গিটার ছেড়ে বহুদূরে হারিয়ে গেলেন তিনি। এছাড়াও ভক্তরা মনে করছেন ‘উড়াল দেব আকাশে’, ‘সুখের এই পৃথিবী’, ‘শেষ চিঠি’, ‘হাসতে দেখো, গাইতে দেখো’, ‘এখন অনেক রাত’সহ তাঁর জনপ্রিয় সব গানগুলোর কথা। এক নজরে দেখে নিন ভক্তদের কিছু কমেন্ট।








