প্রতিপক্ষ সেই কিরগিজস্তান, তবে এবার সেমিফাইনালে। ২০১৬ সালে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ, এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রালজোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে। বুধবার সেমিতে তাদের হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট।
বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে কিরগিজদের মুখোমুখি হবে লাল-সবুজরা। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আর ‘বি’ গ্রুপ রানার্সআপ কিরগিজস্তানের ম্যাচটি হবে বিকাল ৫টায়।
তার আগে বিকাল ৩টায় প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তানের পরীক্ষা নেবে ‘এ’ গ্রুপ রানার্সআপ নেপাল।
মঙ্গলবার উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান। দুবছর আগের ফাইনালে এই কিরগিজদেরই ৩-০ সেটে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ।
সেমিতে নামার আগে গ্রুপপর্বে নেপালকে ৩-১ সেটে, আর মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে এসেছে বাংলাদেশ।








