শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ সিনেমায় শাকিব খানের বিপরীতে একটি গানের শুটিং করতে গত ৯ অক্টোবর থাইল্যান্ডে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি। প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয়ের জার্নিটা কেমন ছিলো তার? থাইল্যান্ডে শুটিং শেষে দেশে ফিরে চ্যানেল আই অনলাইনকে সেই নতুন অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
চ্যানেল আই অনলাইন: বড় পর্দায় প্রথম অভিনয়ের জার্নিটা কেমন ছিলো?
পড়শি: প্রথমে আমি বলতে চাই ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করছি না। শুধু ছবির একটি গানে আমি অভিনয় করছি শাকিব খানের বিপরীতে। এছাড়া এ ছবির আর কোনো দৃশ্য আমাকে দেখা যাবে না।
চ্যানেল আই অনলাইন: তাহলে তো জার্নিটা খুব ভালো ছিলো?
পড়শি: শুরুতে জার্নিটা খুব ভালো ছিলো তা নয়; আস্তে আস্তে খুব ভালো হয়েছে। প্রথমে গানের শুটিং করতে খুব ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিলো আমি কি পারবো? আমাকে দিয়ে তো হবে? পরে যাই হোক পুরো টিমের সবার সহযোগিতায় কাজটি খুব ভালোভাবে শেষ করেছি।
চ্যানেল আই অনলাইন: কোনো আপনিতো এর আগেও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন; তাহলে?
পড়শি: তা ঠিকই বলেছেন। তবে ওটা ছিলো শুধু মিউজিক ভিডিও। আর এটা হলো বড় পর্দার জন্য গানের শুটিং এতোটুকোই অমিল থাকার কারণে খুব ভয় পেয়েছি। আর তার সঙ্গে ছিলেন জনপ্রিয় নায়ক শাকিব খান।
চ্যানেল আই অনলাইন: কেনো শাকিব খান আপনাকে সহযোগীতা করেননি?
পড়শি: শাকিব খান এতো বড়মাপের মানুষ হয়েও আমাকে যেভাবে সাহায্য করেছে সেজন্য সত্যিই আমি মুগ্ধ। শুটিং করার আগ থেকেই শাকিব ভাইয়া আমাকে ফোন দিয়ে বলতো, কোনো ভয় নেই আমরা সবাই আছি। আসলে পুরো টিমের সাহায্যে আমি কাজটি খুব সহজে করতে পেরেছি।
চ্যানেল আই অনলাইন: তাহলে কি পরবর্তী নতুন কোনো সিনেমায় কাজ করবেন?
পড়শি: আমি প্রথম থেকে বলছি সঙ্গীত নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তবে হ্যাঁ, সঙ্গীত নিয়ে যেকোনো কিছু হলেই আমি করবো সেটা যদি বড় পর্দার কাজ হলেও কোনো সমস্যা নেই।
চ্যানেল আই অনলাইন: প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন কেমন ছিলো সেই মুহুর্ত?
পড়শি: হ্যাঁ প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীত গাইলাম; খুবই চমৎকার ছিলো সেই মুহুর্তটি। ‘আমার পরান যাহা চায়’ শিরোনামে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতটি স্বরলিপি মেনে করা হয়েছে। শুধু মিউজিকে হালকা চেঞ্জ আনা হয়েছে। তবে এবার দর্শক ভিডিওটিতে আমাকে ভিন্নরূপে দেখবে।
চ্যানেল আই অনলাইন: শুটিং শেষ করে আসলেন; বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
পড়শি: আপাতত প্লেব্যাক নিয়ে ব্যস্ত আছি। কিছুদিনের মধ্যে আমার ফেসবুকে চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের শেষ ছবি ‘অন্তরঙ্গ’ সিনেমার একটি গান প্রকাশ করবো। এছাড়াও বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছি।
চ্যানেল আই অনলাইন: ফেসবুকে দেখলাম শুটিং’এ ফ্যামিলির সঙ্গে অনেক মজা করলেন?
পড়শি: হ্যাঁ সত্যিই আমি অনেক মজা করেছি। আসলে আমি যেখানে যাই মা আমার সঙ্গে থাকেন। তবে এবার মা’র সঙ্গে আমার ভাইও ছিলো; তাই সবমিলিয়ে অনেক মজা করেছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি।
চ্যানেল আই অনলাইন: মজার কোনো ঘটনা আছে?
পড়শি: মজার অনেক ঘটনা আছে । তবে এই ঘটনাটি মজার পাশাপাশি আমি অনেক অবাক করেছে। সাধারণত বাইরে গেলে প্রবাসী বাঙালির সঙ্গে দেখা হয়, তারা আমাদের চিনবেন এটাই স্বাভাবিক। কিন্তু একজন ভারতীয় ও দুবাইয়ের কোনো লোক যদি এসে বলে আপনি পড়শি। আপনার গান আমাদের অনেক ভালো লাগে। তারা আমাকে বললো, বাংলা ভাষা তেমন বুঝি না; তবে আপনার গান শুনি। কথাগুলো শুনে যেনো আমি আকাশ থেকে পড়েছিলাম।
চ্যানেল আই অনলাইন: এখন তাহলে বলি অাপনার পড়াশুনার কি খবর?
পড়শি: স্কুল ও কলেজ জীবনের লম্বা একটা সময় পার করলাম। এখন একটু ফ্রি হয়েছি; তাই আপাতত কোথাও ভর্তি হইনি। তবে খুব শিগগিরি হয়ে যাবো।






