মিয়ানমারের নোবেল জয়ী নেত্রী অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নিতে নরওয়ের নোবেল শান্তি কমিটিকে আহ্বান জানিয়ে অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন লাখ মানুষ। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অবস্থান নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই আবেদন জানানো হয়।
বিবিসি সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে চেঞ্জ ডট অর্গের মাধ্যমে শুরু করা ওই আবেদনটিতে সারাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ মানুষ আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী যদি শান্তি রক্ষায় ব্যর্থ হন, তখন শান্তির স্বার্থেই নোবেল শান্তি পুরস্কার কমিটির উচিত ওই পুরস্কার হয় জব্দ করা অথবা ফিরিয়ে নেয়া।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে প্রজন্ম ধরে চলে আসা দ্বন্দ্ব আর অবিশ্বাস এবার সরকারের বিভিন্ন পদক্ষেপে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৬৯ জন রোহিঙ্গা ও ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। নিহত রোহিঙ্গারা একটি জঙ্গি দলের সদস্য বলে দাবি করেছে মিয়ানমার সরকার।

মিয়ানমার সরকারের ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে সু চি নিশ্চুপ থাকায় সমালোচিত হয়েছেন।










