ফুটবল

সুয়ারেজ-কাভানিকে নিয়েই কোপায় উরুগুয়ে

সুয়ারেজ-কাভানিকে নিয়েই কোপায় উরুগুয়ে

লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে নিয়েই কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে উরুগুয়ে। বৃহস্পতিবার রাতে অস্কার তাবারেজ ব্রাজিলে বসতে যাওয়া ২০১৯ আসরের জন্য ২৩ সদস্যের দল দেন।

হাঁটুর ইনজুরির কারণে বার্সেলোনার হয়ে কোপা ডেল রের ফাইনাল খেলতে পারেননি সুয়ারেজ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও তাকে রেখেই দল ঘোষণা করেছেন তাবারেজ।

ইনজুরির কারণে পিএসজির হয়ে মৌসুমের শেষদিকে বেশকিছু ম্যাচে নামতে পারেননি কাভানি। তবে দলের অন্যতম সেরা খেলোয়াড়কে স্কোয়াডে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি তাবারেজকে।

সুয়ারেজ স্প্যানিশ লা লিগায় ২০১৮-১৯ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ (করিম বেনজেমার সঙ্গে যৌথভাবে) ২১ গোল করেছেন। অন্যদিকে কাভানি ফরাসি লিগে তৃতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন।

কাভানি ও সুয়ারেজের পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ডিয়েগো গডিনও জায়গা করে নিয়েছেন উরুগুয়ে স্কোয়াডে। গডিনের ক্লাব সতীর্থ হোসে জিমেনেস আছেন সঙ্গী হিসেবে।

কোপা আমেরিকার আগে পানামার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উরুগুয়ে। আগামী ১৬ জুন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে সুয়ারেজের দল। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ জাপান ও চিলি।

বিষয়:উরুগুয়েকাভানিকোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টসসুয়ারেজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…