অরিজিতের তুলনায় জনপ্রিয় থাকা সেই অভিজিৎ এখন কোথায়?

২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের প্রথম সিজন জিতেই বাজিমাত করেছিল অভিজিৎ সাওয়ান্ত। সেসময় নিজের গান দিয়ে সবার মন জয় করে জিতে নেন মুকুট ও এক কোটি রুপি। অপরদিকে প্রায় একই সময়ে অরিজিৎ সিং লড়ছিলেন ‘ফেম গুরুকুল’ নামে আরেক রিয়েলিটি শো-তে। তবে মুকুট জেতাতো দূরের কথা ষষ্ঠ স্থানে শেষ করতে হয়েছিল তাকে।
সে সময়ে অভিজিৎকে নিয়ে ভারতে একটি উন্মাদনা তৈরি হয়েছিল। অনেকেই তার মধ্যে ভবিষ্যৎ দেখেছিলেন। তবে আজও গান, সুর ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে কাজ করলেও ‘ফেম গুরুকুলে’ ষষ্ঠ হওয়া অরিজিৎ তাকে ছাড়িয়ে গেছে সবদিক দিয়েই। সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন অভিজিৎ।
তিনি স্মরণ করেন, রিয়েলিটি শোয়ের ঠিক পরের বছরগুলোতে অরিজিতের চেয়ে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি ছিল। তারা দুজন প্রায় একই সময়ে আলোড়ন সৃষ্টি করে এলেও পরবর্তী সময়ে তাদের চলার পথ সম্পূর্ণ আলাদা হয়ে যায়।
অভিজিৎ বলেন, ২০০৫ সালের পর অরিজিৎ লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। কমপক্ষে ১০ বছর যাকে হয়তো আশীর্বাদস্বরূপই বলা যায়— তিনি বিভিন্ন মিউজিক স্টুডিওতে বড় বড় সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তবে গায়ক হিসেবে নয়, একজন মিউজিক প্রডিউসার ও প্রোগ্রামার হিসেবে।
অন্যদিকে ২০০৫ সালে ইন্ডিয়ান আইডল জেতার পর অভিজিৎ প্রতিটি ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন। বিজয়ী হিসেবে তিনি এক কোটি রুপি পুরষ্কার জেতেন এবং সোনির সঙ্গে একটি অ্যালবাম করার চুক্তিও পান। তবে পরবর্তীতে তার তেমন জনপ্রিয় কাজ আর দর্শক শ্রোতাদের নজরে পরে না।
এদিকে অরিজিৎ আবারও মিউজিক স্টুডিওতে ফিরে যান এবং স্পটলাইটের আড়ালে থেকে অভিজ্ঞতা অর্জন করতে থাকেন।
অভিজিৎ আরও যোগ করেন, সে একদম নতুন করে শুরু করেছিল এবং গোড়া থেকে কাজ শিখেছিল। তখন তাকে কেউই চিনতো না। পেছনের দিনগুলোর দিকে ফিরে তাকিয়ে এই গায়ক জানান, তাদের জনপ্রিয়তার এই পার্থক্য তাদের ওপর মানসিক চাপেও তারতম্য তৈরি করেছিল। তিনি যখন ইতিমধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় ও স্বীকৃত, তখন অরিজিৎ নিঃশব্দে সঙ্গীতশিল্পী ও সুরকারদের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন এবং গায়ক হিসেবে সুযোগের অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, আপনি যদি তখনকার কথা চিন্তা করে আমাদের দুই জনের তুলনা করেন, তবে আমি খুব জনপ্রিয় ছিলাম, কিন্তু সে ছিল না। তাই আমি যে ধরনের চাপের মুখোমুখি হয়েছিলাম, তার চাপ ছিল একদম আলাদা। সে ওই ১০ বছর অক্লান্ত পরিশ্রম করেছে, মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছে এবং তারপর তার প্রথম বড় ব্রেকটি পায়।
অভিজিতের মতে, ‘আশিকি ২’ ছবির মাধ্যমে অরিজিতের এই সাফল্য পাওয়াটা ছিল সঠিক সময় এবং ভাগ্যের বিষয়। যদিও অরিজিৎ আগেই ‘মার্ডার ২’ ছবিতে ‘দিল সামভাল জা জারা’ গানটি গেয়েছিলেন। তবে ‘তুম হি হো’ গানটিই তাকে রাতারাতি এক বিশাল প্লেব্যাক স্টারে পরিণত করে।







