কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে সুয়ারেজের একমাত্র গোলে (১-০) ভ্যালেন্সিয়াকে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয় লেগে ‘ড্র’ করলেই ফাইনালে চলে যাবে দলটি।
ভ্যালেন্সিয়ার মাঠে দ্বিতীয় লেগ হবে ৮ ফেব্রুয়ারি।
নিজেদের মাঠে বার্সা প্রথমার্ধে একদম বিবর্ণ ছিল। প্রায় ৮০ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেও ভালো কোনো আক্রমণ গড়তে পারেনি তারা।
গোলশূন্য অবস্থায় বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে দলকে উদ্ধার করেন সুয়ারেজ। ৬৭তম মিনিটে বাঁ-দিক থেকে মেসির ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে দুর্দান্ত এক হেড করেন সুয়ারেজ। আর তাতেই ব্যবধান ১-০।
নির্ধারিত সময়ে প্রায় ৭৩ শতাংশ সময় বার্সার পায়ে বল ছিল। গোলে শট ১৭ বার। টার্গেটে পাঁচটি। রক্ষণাত্মক ভ্যালেন্সিয়া একবার টার্গেটে শট নিতে সক্ষম হয়।
২০১৬ সালের সেমিতেও এই ভ্যালেন্সিয়ার সঙ্গে দেখা হয়েছিল বার্সার। সেবার প্রথম লেগে ৭-০ গোলে উড়ে যায় দলটি। দুই লেগ মিলিয়ে ৮-১ ব্যবধানে ফাইনালে ওঠে মেসিরা।
কোপার শেষ চারটি ফাইনালে খেলেছে বার্সেলোনা। তার মধ্যে চ্যাম্পিয়ন তিনটিতে। অন্যদিকে ভ্যালেন্সিয়া সেই ২০০৮ সালের পর থেকে ফাইনাল খেলতে পারেনি।








