বিশ্বের পাঁচটি মুসলিম প্রধান দেশের জনগণের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন দিয়ে তা বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রশংসা করে ট্রাম্প একে মন্তব্য করেছেন ‘একটি অসাধারণ সাফল্য’ হিসেবে।
এর আগে নিম্ন আদালতে এই ভ্রমণ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে অভিহিত করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ৯ জনের মধ্যে ৫ জন বিচারক পক্ষে সিদ্ধান্ত দিলে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে নিম্ন আদালতের রায় উল্টে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল হয় আবার।
এই নিষেধাজ্ঞার ফলে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন থেকে অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়বে।
বিবিসি জানিয়েছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ট্রাম্প ‘জাতি ও সংবিধানের জন্য ‘মহান বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন।
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের এই সময়ে ‘আমাদের আরও কঠোর হতে হবে এবং আরও নিরাপদে থাকতে হবে।’
তিনি আরও বলেন, এই রুল প্রমাণ করেছে গণমাধ্যম এবং ডেমোক্রেটিক রাজনীতিকদের এ বিষয়ক সব ধরনের আক্রমণ ছিল ভুল এবং তারা নিজেরাও ভুল হিসেবে প্রমাণিত হচ্ছে।
তবে এই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর থেকেই এর নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে।










