লিগপর্বের দশ ম্যাচে নেই কোনো ফিফটি। সুপার লিগ শুরু হতেই জ্বলে উঠলেন সাব্বির রহমান। লিজেন্ডস অব রূপগঞ্জের এ ব্যাটার টপঅর্ডারে নেমে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সাব্বির ১১১ বলে খেলেছেন ১২৫ রানের ঝড়ো ইনিংস। মেরেছেন আটটি করে চার-ছক্কা।
আগের ম্যাচের মতোই তিন নম্বরে নামেন সাব্বির। শুরুর ম্যাচগুলোতে অবশ্য ব্যাট করেন ছয়-সাতে। প্রমোশন পেয়ে দ্বিতীয় ম্যাচেই তিন অঙ্ক পেরোন । দলকে এনে দেন ৩২৫ রানের বিশাল পুঁজি।
সাব্বির ছাড়াও তিনশ পেরোনো সংগ্রহ পেতে বড় অবদান রাখেন ভারতীয় রিক্রুট চিরাগ জনি। এ ব্যাটার ৬৬ বলে ৯৫ রানে টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন চারটি চার ও সাতটি ছক্কা।
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে সাব্বিরের সেরা ইনিংসটি ৪৬ রানের। জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ ক্রিকেটার এবার ফিফটির আক্ষেপ মিটিয়ে করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
আজই মাঠে গড়িয়েছে সুপার লিগের প্রথম রাউন্ড। আরও দুটি ভেন্যুতে লড়ছে চার দল।








