সুন্দরীদের মঞ্চে নারীদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন মিস পেরু’তে অংশ নেয়া প্রতিযোগীরা। প্রচলিত সব প্রথা না মেনে তারা সেখানে কথা বলেছেন দেশের নারীদের নিয়ে। আর তাতেই অবাক সবাই। সেই সাথে এমন সাহসী কাজের জন্য প্রশংসাও জুটেছে।
সাধারণত ওই মঞ্চে দাড়িয়ে গাউন আর মুকুট মাথায় নিজের শারীরিক সৌন্দর্যের কথা বলে থাকেন সুন্দরীরা। কিন্তু এবার সেখানে ব্যতিক্রম এক দৃষ্টান্ত স্থাপন করে গেলেন।
মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে একজন সুন্দরী সবাইকে বিস্মিত করে বলেন: হ্যাঁ , আমার নাম ক্যামিলা কোনিকোবা। আমার নিজের সম্পর্কে বলতে হলে আমাকে বলতে হবে আমার দেশের নারীদের কথা। গত নয় বছরে যেখানে দুই হাজার দুইশত দুইজন নারীকে খুন করা হয়েছে। ৮১ ভাগ মেয়ে তাদের নিকটাত্মীয় দ্বারা যৌন হয়রানির স্বীকার হয়। প্রতি ১০ মিনিটে একজন করে নারী যৌন নির্যাতনের কবলে পড়েন।
আরেক প্রতিযোগী নিজের বর্ণনা দিতে গিয়ে বলেন: আমার সম্পর্কে বলতে হলে আমাকে বলতে হবে আমার দেশের ৬৫ শতাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের কথা। তাদেরকে বাবা-মায়ের নিগ্রহের শিকার হতে হয়।
উল্লেখ্য পেরুতে জেন্ডার কেন্দ্রিক সহিংসতার হার খুব বেশি। সেখানে ৭০ ভাগ নারীকে রাস্তা ঘাটে হয়রানির শিকার হতে হয়। বিবিসি।







