বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই নাংলী এলাকার গভীর অরণ্যে আগুন লেগে প্রায় আধা বর্গকিলোমিটার এলাকার বনভূমি পুড়ে গেছে। আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি শীঘ্রই বিষয়টির তদন্তকাজ শুরু করবে বলে জানা গেছে।
রোববার রাতে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক এলাকায়। সোমবার সকালে, বন বিভাগের সহায়তায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, জেলেদের অসতর্কতায় ফেলা জ্বলন্ত সিগারেট থেকেই আগুন লেগেছিলো।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা স্বপন ভক্ত বলেন, আগুন শতভাগ নিয়ন্ত্রণে, এরপরও আমরা দেখছি। কোথাও যদি আগুনের ধোঁয়া থাকে আমরা তাও নিভিয়ে ফেলবো।
বনের আরও কোথাও নতুন করে ধোঁয়া দেখা না গেলে বনবিভাগকে জানাতে অনুরোধ করার আহবান জানিয়ে সর্তক অবস্থানে আছে বনবিভাগ।
বন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, আমরা সবাই সর্তক আছি, এখানে বেশি ক্ষয়-ক্ষতি হয় নাই। শুধুমাত্র কিছু লতা গুল্ম পুড়েছে।
গত একযুগে সুন্দরবনে এ নিয়ে ১৯ বার আগুনের ঘটনা ঘটেছে।







