জনপদ

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

সুনামগঞ্জে বাস ধর্মঘটের কারণে যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে বাস ধর্মঘটের কারণে যাত্রীরা রাস্তায় অপেক্ষা করছে, কিছু মানুষ বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকাসহ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, নোয়াখালীসহ ৫টি রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। তবে সিলেট-সুনামগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

বাস শ্রমিকরা জানান, অনেকদিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকায় আন্তঃজেলা বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বার বার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেয়া হলেও কোনো প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

যদি চাঁদাবাজদের বেআইনি এ দৌরাত্ম বন্ধ করা না হয় তাহলে স্থানীয় (লোকাল) সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, সিলেটে একটি প্রভাবশালী মহল সুনামগঞ্জের বাস থামিয়ে কুমারগাঁও এলাকায় প্রতিটি বাস থেকে দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি তাই আজ থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস সিলেটের তেমুখী পয়েন্ট এলাকায় থামিয়ে চাঁদাবাজি করে একটি চক্র। প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে বিষয়টি জানিয়ে কোনো প্রতিকার না পাওয়ায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়:বাস ধর্মঘট সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…