বলিউডে বডি বিল্ডিং-এ নতুন মাত্রা যোগ করেছিলেন হৃতিক। তাঁর সুগঠিত দেহ অনেক পুরুষের জন্যই ঈর্ষনীয়। যারা হৃতিকের মতো সুগঠিত মাংসপেশির অধিকারী হতে চান, তাদের সাহায্য করার জন্য এবার এগিয়ে এসেছেন হৃতিক নিজেই।
কিছুদিন আগেই একটি জিমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হৃতিক। কাল্ট নামের সেই জিমে হৃতিকের ব্যায়ামের ভিডিও প্রদর্শন করা হবে। ভিডিওগুলো হৃতিক এবং তাঁর প্রশিক্ষক মুস্তাফা আহমেদের ডিজাইনে তৈরি করা হয়েছে। ভিডিওগুলো দেখা যাবে কাল্ট এর ওয়েবসাইটেও। তবে সেগুলো দেখতে বাড়তি অর্থ খরচ করে সাবস্ক্রাইব করে নিতে হবে।
এপ্রসঙ্গে হৃতিক বলেন, ‘আমি সুস্থ জীবনযাপনে বিশ্বাসী। আমার ব্র্যান্ড সেটারই প্রতিফলন করে। এটা শুধু ফিট থাকা নয়, বরং পুরো জীবনযাত্রাতেই পরিবর্তন নিয়ে আসা এবং মন এবং শরীরের মধ্যে সংযোগ বুঝতে পারা।’
ব্যায়ামগুলোর মধ্যে আছে মোবিলাইজার, ওয়েট ট্রেনিং মেথড এবং প্রাইমাল মুভমেন্ট। ভিডিওগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে, এটা শরীরকে শক্তিশালী এবং সক্রিয় করে তোলে। আর ওয়েট ট্রেনিং মেথড শরীরের মাংসপেশিগুলোতে চাপ ফেলে এবং এগুলোকে সুগঠিত করে তোলে।









