মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি মেক্সিকোর সঙ্গে দক্ষিণ সীমান্তে যে প্রাচীর নির্মাণ করবেন তার ১শ’ ভাগ খরচ মেক্সিকোকেই দিতে হবে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি র্যালিতে ট্রাম্প এ কথা বলেন। ওই র্যালিতে অভিবাসন ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। র্যালিতে তিনি বলেন, তিনি সেই সীমানা সম্পূর্ণ সুরক্ষিত করবেন।
এছাড়া কাগজপত্রবিহীন অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি।
এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প মেক্সিকান প্রেসিডেন্ট পেনা নিয়েতোর সঙ্গে দেখা করেছিলেন। তবে সীমানা-প্রাচীরের ব্যয়ভার কে বহন করবে এ নিয়ে কোনো আলোচনা তাদের মাঝে হয়নি বলে জানান তিনি।
যদিও প্রেসিডেন্ট নিয়েতো দাবি করেন, তিনি স্পষ্টভাবে ট্রাম্পকে বলেছেন মেক্সিকো প্রাচীরের জন্য অর্থ দেবে না।
এর আগে ফিনিক্সে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় ১ কোটি ১০ লাখ অভিবাসীর ভাগ্য কোনো ‘মূল ইস্যু’ নয় এবং ‘অপরাধী ভিনদেশিদের’ দেশে ফেরত পাঠানোই এখানে গুরুত্বপূর্ণ।
অবশ্য তিনি এর সঙ্গে এ-ও বলেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে যারাই ঢুকেছে তারা সবাই-ই দেশ থেকে বের করে দেয়ার বিবেচনায় রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনা থেকে সরে আসবেন বলেই ধারণা অনেক বিশ্লেষকের।







