বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত নারী ও শিশুসহ পাঁচ জঙ্গি ও জঙ্গি পরিবারের সদস্য। পরের দিন শুক্রবার রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে দেশের ইতিহাসের প্রথম আত্মঘাতী বোমা হামলা, নিহত বোমা বহনকারী।
ওই দুই ঘটনার পর শনিবার ভোরে রাজধানীরই খিলগাঁও এলাকায় আবার র্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে হামলার চেষ্টা, নিহত সন্দেহভাজন হামলাকারী। পরপর তিনদিন ঘটলেও ঘটনা তিনটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা – এ ব্যাপারে এখনো নিশ্চিত নয় র্যাব।
শনিবার সকালে ঘটনাস্থল থেকে দেয়া ব্রিফিংয়ে র্যাব-৩ এর সিও তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, এখন পর্যন্ত খিলগাঁওয়ে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি। তাই এখনো এই তিনটি ঘটনা থেকে পাওয়া তথ্য থেকে ঘটনা তিনটির মধ্যে সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সম্পর্ক থাকতেও পারে, না-ও থাকতে পারে।
চ্যানেল আই অনলাইনকে র্যাব-৩ এর সিও জানিয়েছেন, র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সন্দেহভাজন জঙ্গির সঙ্গে থাকা ব্যাগটি পরীক্ষা করে তাতে বিস্ফোরক পেয়েছে। উদ্ধার করা হয়েছে হাতে তৈরি দুইটি গ্রেনেড।
খিলগাঁও-বাসাবো-তিলপাপাড়া এলাকায় জঙ্গি বা জঙ্গি আস্তানার অস্তিত্বের ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে র্যাব। অবশ্য এখনো সেখানে এমন কোনো আস্তানা থাকার খবর জানা যায়নি।
খিলগাঁও-বাসাবো এলাকার আশপাশে কোনো জঙ্গি আস্তানায় যাওয়ার জন্য রাস্তাটি দিয়ে যাচ্ছিলেন কিনা সে ব্যাপারে তদন্ত চলছে।








