কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তপ্ত বালুর বুকে বিচ বাইক চালাচ্ছেন মোশাররফ করিম। ওই বাইকে বসে প্রাণখুলে হাসছেন সাবিলা নূর! মোশাররফ করিমকে দেখা যাচ্ছে ভুঁড়িওয়ালা মোটাসোটা! অন্যদিকে সাবিলা বাইকের পিছনে বসে উচ্ছ্বাসে হাসছেন। দুই প্রজন্মের এই দুই তারকাকে এমন রূপেই দেখা যাবে ‘ফ্যাট ম্যান’ নামের একটি নাটকে।
শুটিংয়ের ফাঁকে এমন একটি স্নিগ্ধ স্থিরচিত্র পাওয়া গেল নির্মাতা সাগর জাহানের কাছ থেকে।
যিনি এই নাটকের নির্মাতা। জানালেন, ‘ফ্যাট ম্যান’ একটি গার্লস স্কুলের পিটিআই টিচার। কয়েক বছরে তিনি বেশ মোটা হয়ে গেছেন। এদিকে তার সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে সাবিলা নূরের। কক্সবাজারে গিয়ে সাবিলা তার সঙ্গে দেখা করেন। কিন্তু ‘ফ্যাট ম্যান’কে দেখে তিনি অবাক হয়ে যান। একজন মানুষ এত মোটা হতে পারে তার ধারণা ছিল না। তার পরেই গল্পটি অন্য দিকে মোড় নেয়। নাটকের গল্পটা এমনই।
এ প্রসঙ্গে সাবিলা বলেন: খুবই মজার গল্পের একটি নাটক। মোশাররফ ভাইয়ার সঙ্গে আমার ফেসবুকের পরিচয়ের পর যখন দেখা হয় তারপর অদ্ভুতসব কাণ্ড ঘটতে থাকে। তিনি বলেন, এর আগেও মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। ওনার সঙ্গে কাজ বরাবরই উপভোগ্য। তাছাড়া অনেককিছু শেখাও যায়।
‘ফ্যাট ম্যান’ নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারুক আহমেদ, আ খ ম হাসান, শানারেই দেবী শানু, নওশাবা প্রমুখ। এটি সাত পর্বের একটি ধারাবাহিক নাটক, যেটি ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। বর্তমানে এই নাটকের শুটিংয়ে পুরো ইউনিট রয়েছে কক্সবাজার। ১১ তারিখ তাদের ঢাকা ফেরার কথা রয়েছে।








