বাংলাদেশের হাতে রয়েছে তিনটি উইকেট। পড়ে আছে ৫টি সেশন। শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে ৩৮২ রানে। সিলেট টেস্টে আগের দিনই পরাজয়ের ডাক শোনা স্বাগতিকরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি ধারাবাহিকভাবে বাজে ব্যাটিংয়ের কারণে।
ঠিক যেন প্রথম ইনিংসের ব্যাটিংকেই অনুসরণ করছে বাংলাদেশ। আগেরবার রান করেছিলেন কেবল তাইজুল ইসলাম এবার মুমিনুল হক। অপরাজিত আছেন ৪৭ রানে।
৫ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা বাংলাদেশ দিনের প্রথম সেশনে হারিয়েছে দুটি উইকেট। দিনের শুরুতেই দলীয় ৫১ রানে ফিরে যান তাইজুল (৬)। মেহেদী হাসান মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। দলীয় একশ পেরিয়ে ব্যক্তিগত ৩৩ রানে কাসুন রাজিথার শিকার হন মিরাজ।
মুমিনুলের সঙ্গী হয়েছেন শরিফুল ইসলাম (৩*)। এরপর নামবেন খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা। পরের সেশনেই চলে আসতে পারে সিলেট টেস্টের ফল।
প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৯ রান।
দিনের তৃতীয় সেশনে ৫১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাহমুদুল হাসান জয় ফেরেন রানের খাতা খোলার আগেই। অফস্টাম্পের অনেকটা বাইরের বলে কাভার ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন। স্বাগতিক অধিনায়কের ব্যাট থেকে আসে ৬ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ৯ রান। এরপর আরেক ওপেনার জাকির হাসান ফেরেন ১৯ রানের ইনিংস খেলে। শাহাদাত হোসেন দীপু রানের খাতা খুলতে পারেননি। সাদা বলের পর লাল বলেই ভুগছেন লিটন দাস। ক্ল্যাসিক ব্যাটার মেরেছেন গোল্ডেন ডাক।
পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাজে বিধ্বস্ত বাংলাদেশ। লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো তিনটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
দুই ইনিংসেই হতশ্রী ব্যাটিং ছাড়াও বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারীরা ৯২ রানে লিড পাওয়ায় স্বাগতিকদের লক্ষ্যটা হয়ে যায় হিমালয়ের মতো।









