দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এ জন্য শুধু সরকারী প্রচেষ্টাতেই হবে না, বেসরকারী উদ্যোগও লাগবে।’
সিলেটের মদন মোহন কলেজ প্রাঙ্গণে জনসভায় প্রধানমন্ত্রী প্রাক-প্রাথমিক ও উচ্চশিক্ষায় গুরুত্ব দেয়ার কথা জানিয়ে শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
তিনি বলেন, প্রাক-প্রাথমিক ও উচ্চশিক্ষায় গুরুত্ব দিয়েছি। শিক্ষার্থীরা যেনো মানসম্মত শিক্ষা পায়।
প্রত্যেক বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলো না। আওয়ামী লীগ সরকারে এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। সিলেটেও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
‘দেশের যেসব উপজেলায় স্কুল, কলেজ নেই সেই সব প্রত্যেকটি উপজেলায় স্কুল, কলেজ প্রতিষ্ঠা করা হবে।’
বিজ্ঞান ও প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।







