সিলেটে অনাবাদি জমিতে দ্রুত সম্প্রসারিত হচ্ছে মিষ্টি কুমড়ার আবাদ। এবার মিষ্টি কুমড়ার ফলন ও বাজারমূল্য ভালো পাচ্ছেন কৃষক।
এক মৌসুমে ধান আবাদ হতো, তারপর বছরজুড়ে পতিত থাকতো সিলেট সদরের অধিকাংশ এলাকার জমি। এখন সেই জমিতে শোভা যাচ্ছে মিষ্টি কুমড়া।
চাষের খরচ কম হলে ও বাজারদর ভালো থাকায় মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়েছেন কৃষক। কৃষকরা বলছেন বাজার মূল্য বেশি থাকায় কম খরচে মিষ্টি কুমড়া চাষ করা যায়। এক বিঘা জমিতে মাত্র দু’হাজার টাকা খরচ করলে দশ থেকে পনেরো হাজার টাকা আয় হয়।
মিষ্টি কুমড়া চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। সিলেট সদরের উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মজিবর রহমান বলেন, মিষ্টি কুমড়ার বীজ শুধু ঠিক মতো রোপন করে দিলেই হয়, কৃষকদের মিষ্টি কুমড়া চাষে সব ধরণের সহায়তা করে উপজেলা কৃষি বিভাগ।
জেলার অন্যান্য এলাকার পতিত জমিতে মিষ্টি কুমড়ার চাষ সম্প্রসারণ করা গেলে কৃষি উৎপাদনে এখানে নতুন সাফল্য আসবে বলে আশা করছে কৃষি বিভাগ।







