সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকাল সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) আকতারুজ্জামান বসুনিয়া হতাহতের খবর নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আরেকজন বেসামরিক নাগরিক।
নিহতদের মধ্যে আছেন পুলিশ সদস্য আবু কায়সার ও ছাত্রলীগ নেতা পাপ্পু। এছাড়া মাসুক নামের একজন।
সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকসহ ৩২ জন আহত হন।
এরপর ৭টা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।








