সিলেটে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কোতোয়ালি থানার ওসিসহ দু’জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে দুই শিবির কর্মীকে আটক করে।
স্থানীয়রা জানিয়েছেন: বেলা দুইটার দিকে বন্দরবাজার জেল রোড এলাকা থেকে জামায়াতের ইসলামীর নেতারা মিছিল বের করে। গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বেরা করা হয়। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত ও শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এতে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানিয়েছেন-মিছিল থেকে জামায়াত কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছিল। এতে ওসিসহ দুই জন আহত হন। পুলিশ দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।







