বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। শনিবার সবুজঘেরা নয়নাভিরাম ভেন্যুটিতে জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা টস জিতে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশকে।
তিন স্পিনারের সঙ্গে এক পেসার ও এক পেস-অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে স্পিন আক্রমণের দায়িত্ব বর্তেছে নাজমুল ইসলাম অপু। অপুর এই ম্যাচে অভিষেক হল। ৫ ওয়ানডে ও ১৩ টি-টুয়েন্টির পর সাদা পোশাকে নামলেন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার।
সেখানে আবু জায়েদ রাহির সঙ্গে পেস আক্রমণে থাকছেন আরেক অভিষিক্ত পেস-অলরাউন্ডার আরিফুল হক। এক ওয়ানডে ও ছয় টি-টুয়েন্টি খেলে সাদা পোশাকে নামলেন ২৫ বছর বয়সী আরিফুল। একাদশে নেই মোস্তাফিজুর রহমান।
ক্রিকেটের ঐতিহ্য লালনে সিলেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে বসানো হয়েছে পিতলের ঘণ্টা। যেটি বাজিয়ে শুরু ম্যাচের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের দায়িত্ব পড়েছে ঘণ্টা বাজিয়ে দেয়ার।
ভেতরে নান্দনিক কাঠামো আর বাইরে ছায়াশীতল প্রাকৃতিক পরিবেশ। টিলা, চা বাগান, ছড়িয়ে থাকা সবুজের সমারোহের মাঝে দাঁড়িয়ে অনিন্দ্যসুন্দর সিলেট স্টেডিয়াম মুগ্ধ করেছে সকলেই। টাইগার ক্রিকেটারদের মাঝেও অনাবিল প্রশান্তি। সেটি ধরে রাখতে ম্যাচটাও জিততে চায় বাংলাদেশ। অধিনায়ক রিয়াদও চোখ সেদিকেই নিবদ্ধ। সেজন্য সদ্যগত ওয়ানডে সিরিজের পারফরম্যান্সটা সাদা পোশাকে টেনে আনতে হবে স্বাগতিকদের। তিন ম্যাচের রঙিন পোশাকের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
ইমরুল কায়েস, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু।








