সিরিয়ায় রাশিয়ান দূতাবাসে রকেট হামলা চালানো হয়েছে। সিরিয়ায় রুশ হামলার সমর্থন করে কয়েকশ লোক দামেস্কের উপকণ্ঠে দেশটির দূতাবাসের সামনে জড়ো হলে এই হামলার ঘটনা ঘটে।
হামলার সময় সেখানে কমপক্ষে ৩০০ লোক উপস্থিত ছিলো বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।
এ সময় বিক্ষোভকারীদের হাতে রাশিয়ান পতাকা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বড় বড় ছবি দেখা গেছে।
মনিটরিং গ্রুপ ‘সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, দামেস্কের পূর্বদিক থেকে রকেট হামলা হয়েছে। এরই মধ্যে ওই প্রান্তে ইসলামিক বিদ্রোহীরা ঢুকে পড়েছে বলে জানা গেছে।
এর আগেও হামলার টার্গেট হয়েছে রুশ দূতাবাস। গত মে মাসে দূতাবাস লক্ষ্য করে চালানো মর্টার হামলায় একজন নিহত হয়। তার আগে এপ্রিলেও মর্টার হামলার লক্ষ্যস্থল ছিলো রুশ দূতাবাস।
গত ২১ সেপ্টেম্বর সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। এর মাত্র আট দিন আগে দূতাবাস আক্রান্ত হওয়ায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলো রাশিয়া।







