সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমস শহরে ৬টি বোমা হামলায় প্রায় দেড়শ’ মানুষ নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। জঙ্গি গোষ্ঠী আইএস হামলাগুলোর দায় স্বীকার করেছে।
একই দিনে সিরিয়ার দু’টি শহরে গাড়ি বোমা হামলা। হোমস শহরে দু’টি গাড়ি বোমা হামলায় অর্ধশতের বেশি মানুষ নিহত হয়। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। শহরের যে অংশে হামলা চালানো হয় সেখানে মূলত আলাউইথ সম্প্রদায়ের মানুষের বাস। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী।
রাজধানী দামেস্কের সাঈদা জয়নাব এলাকায় ৪টি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলা হয় শিয়া সম্প্রদায়ের মাজারে। এই হামলায়ও বহু মানুষ প্রাণ হারান।
সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান হামলার সহায়তায় দেশটির সরকারী বাহিনী অভিযানে আলেপ্পোয় ৫০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।
একদিকে বোমা হামলা, আবার অন্যদিকে চলছে শান্তির উদ্যোগ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ায় সরকারী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে তিনি আশাবাদী।
কেরির সঙ্গে আলোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সরকার ও আসাদবিরোধীদের মধ্যে যুদ্ধ বিরতির সম্ভাবনা উজ্জ্বল হলেও, এখনও অনেক বিষয়ের মিমাংসা হওয়া বাকি।
এই মাসের প্রথম দিকে বিশ্ব পরাশক্তিগুলো সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছিলো। যুদ্ধবিরতির জন্য তাদের বেঁধে দেয়া সময়সীমা শুক্রবারই শেষ হয়ে গেছে। তবুও কোনো পক্ষই সমাধানে পৌঁছাতে পারেনি।







