জয়ের আশা নিয়ে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুপুর তিনটায় মাঠে নামছে টাইগাররা।
চার ম্যাচ সিরিজে এর আগের দুটি টি-টুয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই নতুন বছরের প্রথম সিরিজ জেতা হবে বাংলাদেশের।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
চোটের কারণে আজ ও শুক্রবারে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে খেলবেন না মুশফিকুর রহিম। দুই ম্যাচেই সে জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন তাসকিন আহমেদ।
এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান এবং আল আমিন হোসেনকে। থাকছেন না শুভাগত হোমও।
দলের প্রয়োজন অনুযায়ী সেরা সামর্থ্যের দল সাজানো হয়েছে বলে জানিয়েছে বিসিবি।







