প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জেতার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটসম্যানদের ভুলে শেষ পর্যন্ত অল্পের জন্য আটকে যায় বাংলাদেশ। মাত্র ৩ রান দূরে থেমে যায় টাইগারদের সিরিজ জয়ের যাত্রা।
তবে খাতা-কলমে তো বটেই, সমতায় থাকা সিরিজটা বাংলাদেশের জেতার ভালো সুযোগই দেখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার কথায়, দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে এই ম্যাচ জিতে সিরিজ জিতবেন তারাই।
সিরিজ নির্ধারণী ম্যাচ সামনে রেখে মিরাজ বলেছেন, ‘বলব যে, সিরিজ থেকে আমরা আউট হয়ে যাইনি। আমাদের এখনো ভালো সুযোগ আছে। সেক্ষেত্রে তৃতীয় ম্যাচটা জিততে হবে। আশা করি হবে।’
দ্বিতীয় ম্যাচের কথা উল্লেখ করে মিরাজ বলেছেন, ‘আমরা নিজেরাই ভুল করেছি, এটা আমাদের ব্যর্থতা। তবে এ নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আলোচনা করেছি। চেষ্টা করব এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে।’








