হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে স্বাগতিকরা।
ওয়েসলে মাধভেরে ৫৬ ও অধিনায়ক ব্রেন্ডন টেলর করেন ৪৬ রান। সঙ্গে ডিওন মেয়ার্সের ৩৪ ও সিকান্দার রাজার ৩০ রানের সুবাদে আড়াইশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করায় তারা।
বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। সাকিব আল হাসান দুটি, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।
একযুগ পর জিম্বাবুয়েতে সিরিজ জয়ের হাতছানি টাইগাদের সামনে। ২০০৯ সালের পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। ২০১৩ সালে অনেক আশা নিয়ে গিয়েও ফিরতে হয়েছিল ২-১এ ওয়ানডে সিরিজ হারের হতাশা নিয়ে।
এবার প্রথম ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে পাওয়া জয় আর দ্বিতীয় ম্যাচে নাগালে থাকা লক্ষ্য দেখাচ্ছে বড় অর্জনের আশা।








