ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘কোনো রিটেইলার সিম রেজিস্ট্রেশনের জন্য টাকা নিচ্ছে কি না তা খতিয়ে দেখতে বিটিআরসির মোবাইল টিম মাঠে নামবে।’
বুধবার পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর মিরপুরের এক নম্বর সেকশনের বিভিন্ন মার্কেটে রিটেইলার পর্যায়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপে সিম নিবন্ধনের প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘কোনো রিটেইলার অবৈধ ভাবে সিম রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছে কিনা তা তদারক করবে বিটিআরসি। এজন্য মোবাইল টিম মাঠে নামবে। তারা এসব বিষয়ে খতিয়ে দেখবে। মোবাইল টিম কোনো অভিযোগ পেলে রিপোর্ট আকারে আমার কাছে জমা দেবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মোবাইল কোম্পানিদের গ্রাহকদের সন্তুষ্ট করে ব্যবসা করতে হবে। এক শতাংশ গ্রাহকও যদি অসস্তুষ্ট থাকে তাহলে সেটা মেনে নেয়া হবে না।কেউই আইনের উর্ধ্বে নয়, কোন প্রকার হয়রানি মেনে নেয়া হবে না’।
এ সময় ভুক্তভোগী গ্রাহকরা বলেন, মিরপুর এলাকার বেশ কয়েকটি টেলিকমের দোকানে তারা ২০ টাকা দিয়ে সিম পুনঃনিবন্ধন করেছেন। তবে কয়েকজন অবশ্য জানান, বিনা মূল্যেই বেশ কয়েকটি সিম পুনঃনিবন্ধন করেছেন।
গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েই টেলিযোগাযোগ ব্যবসা করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পুনঃনিবন্ধনের ধীর গতিও সহ্য করা হবে না।






