সিনেমায় ‘অজানা’ শচীন

‘শচীন আ বিলিয়ন ড্রিমস’ সিনেমার ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার
ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘শচীন আ বিলিয়ন ড্রিমস’ নিয়ে সমর্থকদের আগ্রহ বাড়ছিল অনেক দিন থেকেই। কী থাকবে সেই সিনেমায়? লিটল মাস্টার নিজেই জানালেন, ব্যক্তিগত অনেক অজানা মুহূর্ত উন্মুক্ত হবে এই সিনেমার মাধ্যমে।
মঙ্গলবার মুম্বাইয়ের জুহু অডিটোরিয়ামে প্রকাশ করা হয় ‘শচীন আ বিলিয়ন ড্রিমস’ সিনেমার ট্রেলার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক জেমস আরসকাইন, প্রযোজক রবি ভাগচান্দকা।
লোকারণ্যে ভরপুর অডিটোরিয়ামে শচীন ইঙ্গিত দিয়েছেন কী থাকতে যাচ্ছে সেই সিনেমায়, ‘আমার জীবনের অনেক অজানা মুহূর্ত প্রকাশিত হবে এই সিনেমার মাধ্যমে। ব্যক্তিগতভাবে আমি আড়ালেই থাকতে পছন্দ করি। হঠাৎ মনে হলো এমন অনেক ঘটনাই আছে, যা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এসব ঘটনা সবাইকে জানানো উচিত, বিশেষ করে আমার সমর্থকদের।’
ক্রিকেট জীবনে পুরোটা সময় ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। তাই কৃতজ্ঞতা জানাতে ভুললেন না সেই কোটি কোটি ভক্ত সমর্থকদের প্রিয় শচীন, ‘আশা করি এই সিনেমা দীর্ঘ ২৪ বছরের যাত্রায় আরেকটি অধ্যায়ের রচনা করবে। তাদের জন্য, যারা সারাজীবন ভালোবাসা, আশীর্বাদে আমাকে ভরিয়ে রেখেছেন, আনন্দ বেদনা একসাথে উদযাপন করেছেন।’







