বৃহস্পতিবার সকালে হদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। তার এই মৃত্যকে মেনে নিতে পারছে না তার ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড।
নেটিজেনদের অনেকরই দাবি যে সুশান্ত সিং রাজপুতের মতোই বলিউডে স্বজনপোষণের শিকার হয়েছেন সিদ্ধার্থ। ইতিমধ্যেই ফেসবুকে তৈরি হয়েছে নতুন গ্রুপ ‘জাস্টিস ফর সিদ্ধার্থ শুক্লা’। যেখানে অনেকেই সিদ্ধার্থের মৃত্যুর জন্য দায়ী করেছে সালমান খানকে।
কিন্তু ভক্ত অনুরাগীদের এমন আচরণে কিছুটা বিব্রত স্বয়ং সিদ্ধার্থ শুক্লার মা। তিনি তার ছেলের স্বাভাবিক মৃত্যু নিয়ে জলঘোলা না করার আহ্বান জানিয়েছেন।
এমনিতেই ছেলেকে হারানোর শোক, তারমধ্যেই ছেলের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার দেখে বিরক্ত শুক্লার মা।
পুলিশকে তিনি জানিয়েছেন, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে কোনও রহস্য নেই। ‘অস্বাভাবিক’ বা ‘মানসিক অবসাদ’-এর মতো শব্দও তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসময় সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের কোনও রকম গুজব না ছড়ানোরও অনুরোধ করেন তিনি।
ইতিমধ্যেই সিদ্ধার্থ শুক্লার মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্য হয়েছে সিদ্ধার্থ শুক্লার। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শেষকৃত্য সম্পন্ন হবে ‘বিগ বস’ এর এই বিজয়ীর।
বুধবার মায়ের সঙ্গে নিজের বাসাতেই ঘুমিয়ে ছিলেন সিদ্ধার্থ। আচমকাই অসুস্থ বোধ করেন অভিনেতা। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সেই ঘুম আর ভাঙলো না অভিনেতার। সকাল সাড়ে ১০টা কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিদ্ধার্থকে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।







