অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশী তরুণ ফাহিম রহমান অনিক এবং এস এম সাকলিন উৎসের নামাজে জানাজা আজ শনিবার স্থানীয় সময় জোহর নামাজের পর দুপুর ১টা ২০ মিনিটে লাকেম্বা বড় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিট) সিডনির বেলমোরে বাংলাদেশী অধ্যুষিত ক্যান্টারবারি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী শিক্ষার্থী মারা যান। অস্ট্রেলীয় টিভি চ্যানেল এবিসির ওয়েবসাইটের খবরে ওই দুর্ঘটনার কথা জানানো হয়।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় অপর এক বাংলাদেশী শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসা নেয়ার খবরও জানায় এবিসি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত বাকি দু’জনকে উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেক জনের মৃত্যু হয়।
পরে হতাহতের পরিচয় জানা যায়। সেন্ট জর্জ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি আহত শিক্ষার্থীর নাম রিফাত মোস্তফা।
দুর্ঘটনার সময় ধারণকৃত ওই এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ক্যান্টারবারি সড়ক ধরে দ্রুতগতিতে চলার সময় একটি গাড়ি টেলিগ্রাফ সংযোগের একটি খুঁটিতে আঘাত হানে। এ সময় আরও দু’টি গাড়ি একই গতিতে চলছিলো।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারকারী করে।







