সিটি করপোরেশন নির্বাচন নিয়ে পশ্চিমা উদ্বেগে বিচলিত নয় সরকার। কিন্তু পশ্চিমাদের পরামর্শে ভবিষ্যতে ইলেকট্রনিক ভোটিং করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
তিন সিটির নির্বাচনে অনিয়ম এবং বিএনপির বর্জনের ঘটনায় অসন্তোষের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ ক’টি দেশ। উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন স্বয়ং জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সমালোচনা হয়েছে মার্কিন কংগ্রেসেও। তবে এ নিয়ে খুব বেশি ভাবনায় নেই সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, এ নিয়ে আমরা বিচলিত নই। বিএনপির নির্বাচন থেকে সড়ে যাওয়াটা তাদের পূর্বপরিকল্পিত। এটা তাদের একটা কৌশল।
মার্কিন আন্ডার সেক্রেটারী ওয়েন্ডি শারমেন নির্বাচনের ঠিক পরপরই বাংলাদেশ সফরে করেছেন। তার সফরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইলেক্ট্রনিক ভোটের মেশিন আগামীতে ব্যবহার হবে। এটা খুবই দরকার। ডিজিটাল বিষয়টাকে বাংলাদেশ খুব ভালোভাবে নিয়েছে। আমার মনে হয় সেটাও সমাদৃত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্পাউসদের সংগঠনের উদ্যোগে বৈশাখের রঙিন আয়োজনে মন্ত্রী ছাড়াও যোগ দেন দেশ বিদেশের সাবেক-বর্তমান কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যরা।







