জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে সিঙ্গাপুর থেকে বাংলাদেশীদের ফেরত পাঠানোর ঘটনা কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওই ঘটনা জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশী কর্মীকে এক মাস আগে ফেরত পাঠায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
তাদের সঙ্গে আইএস এর সম্পৃক্ততা পাওয়া না গেলেও ১৪ জন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত বলে জানায় ডিবি। তাদের কারাগারে আটক রাখা হয়।
রাজধানীর মনিপুরীপাড়া বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা উদ্বোধন করে সে ব্যাপারে সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, যখন তারা এদেশ থেকে যায় তখন তাদের সব ব্যাপারে খোঁজ নিয়েই ভিসা দেওয়া হয়েছে। ওখানে গিয়ে ওরা কি করেছে তা আমাদের জানা ছিলো না।
এখন আমাদের কাছে এসেছে আমরা আবার যথাযথ গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের দোষগুলো বের করবো। এটা ষড়যন্ত্রের অংশ কিনা তা তদন্ত করা হবে।
বাংলাদেশীদের ব্যাপারে এ ধরনের অভিযোগ দেশের স্বার্থে কোনো বিরূপ প্রভাব ফেলবে কিনা তা নিয়েও কথা বলেন তিনি।বলেন, এটার জন্য কোনো খারাপ প্রভাব ফেলবে বলে মনে করিনা।
এদেশে কোনো নেতিবাচক কাজে তারা জড়িত ছিলো না। ওখানে তারা জড়িত হলে, ওদেরই পদক্ষেপ নিতে হবে। এতে কোনো নেতিবাচক প্রভাব আসবে বলে মনে করিনা।
সিঙ্গাপুর থেকে আসা ওই নাগরিকদের কেউ কেউ জামিনে বের হওয়ার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।







