সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদার স্ত্রী আইনজীবী সিগমা হুদা ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রায় পৌনে সাত কোটি টাকা পাচার করার অভিযোগে বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ তাদের বিরুদ্ধে দুটি মামলা করেন।
দুটি মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে। এ ছাড়া নাজমুল হুদা ও সিগমা হুদার মেয়ে অন্তরা সেলিমা এবং শ্রাবন্তী আমিনা হুদাকে একটি করে মামলায় আসামি করা হয়।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান, লন্ডনে প্রায় পৌনে সাত কোটি টাকা পাচার করার অভিযোগে আইনজীবী সিগমা হুদা ও তার দুই মেয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
একটি মামলার এজাহারে বলা হয়েছে, অবৈধভাবে ২ কোটি ৬৭ লাখ টাকার সমমানের ২ লাখ ৫০ হাজার পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা। ওই অর্থে যুক্তরাজ্যের সারে কাউন্টির ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন তারা।
দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়েছে, লন্ডনের বারউড প্লেসে ফ্ল্যাট কিনতে ৪ কোটি ৬ লাখ টাকা সমমানের ৩ লাখ ৮০ হাজার পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন সিগমা হুদা ও তার মেয়ে অন্তরা সেলিমা হুদা।







