ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদার সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বুধবার রিট খারিজের এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও সিগমা হুদার পক্ষে ছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা।
রিট খারিজের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজকের এই আদেশের ফলে সিগমা হুদার সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশ বৈধ বলেই বিবেচিত হলো।’
২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক। তখন ওই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিগমা হুদা।








