করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
পলাতক অবস্থায় থাকা ফয়সালকে সোমবার বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সময় জানানো হয়নি।
সোমবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
ক্ষুদে বার্তায় র্যাব জানায়, ‘সাহাবউদ্দিন হাসপাতাল মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি হাসপাতালের এমডি ফয়সাল আল ইসলাম (৩৪) রাজধানীর একটি হোটেল থেকে র্যাবের এর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তার ফয়সাল হাসপাতালটির চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের বড় ছেলে।
মঙ্গলবার তাদের আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার বিকেলে ফয়সালসহ সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে একটি মামলা করে র্যাব।








