বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে শিলং-এর সিভিল হাসপাতালে পৌঁছেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। এরআগে সোমবার কলকাতা থেকে আসামের গৌহাটি হয়ে সড়ক পথে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শিলং পৌঁছান তিনি।
সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার পর হাসিনা আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সালাহ উদ্দিনের জন্য নিয়োগ করা আইনজীবীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
শিলং-এ পৌঁছানোর পর সালাহ উদ্দিন যে হাসপাতালে ভর্তি আছেন সরাসরি সেখানে যান হাসিনা আহমেদ।
শিলংয়ে থাকা সালাহ উদ্দিন আহমেদের আত্মীয়-স্বজনরা তার জন্য ব্যারিস্টার ড. মাহন্তকে আইনজীবী নিয়োগ করেছেন।
আইনজীবী নিয়োগ করলেও শিলং পুলিশ জানিয়েছে, হাসপাতালের পক্ষ থেকে সালাহ উদ্দিন আহমদকে যতক্ষণ না সুস্থ ঘোষণা করা হবে, ততক্ষণ মামলা বা আইনি প্রক্রিয়া শুরু হবে না।
এর আগে ভিসা পাওয়ার পর রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা যান সালাহউদ্দিন আহমদের স্ত্রী।







