এশিয়া কাপে এসেছে অভাবনীয় সাফল্য। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন, টিম টাইগ্রেস গড়েছে নতুন ইতিহাস। বড় হয়েছে প্রত্যাশার বেলুন। সামনে এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার চ্যালেঞ্জ। সেখানে প্রত্যাশিত ফলের আশায় ঈদের আমেজ না কাটতেই ব্যাটিং-বোলিংয়ে শান দেয়ার কাজে নেমে পড়েছেন সালমা-রুমানারা।
আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলতে হলে বাংলাদেশের মেয়েদের পেরিয়ে আসতে হবে বাছাইপর্বের বাধা। ৭ থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে সেই আট দলের বাছাইপর্ব। দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সকাল-দুপুর ঘাম ঝরিয়েছে টিম টাইগ্রেস। হেড কোচ অঞ্জু জেইন, সহকারী কোচ দেবিকা পালশিকর ছুটিতে। অনুশীলন দেখভাল করেছেন নাজমুল আবেদিন ফাহিম।
বন্দরনগরীতে আরও দুদিন অনুশীলন করে মেয়েরা ঢাকায় ফিরবে ২২ জুন। পরদিনই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে দল। কোচিং স্টাফের সবাই তখন দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ৭ জুলাই নেদারল্যান্ডসে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ড সফর করবে টিম টাইগ্রেস। সেখানে স্বাগতিক দলের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবেন সালমা-রুমানারা।
বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি ও আরব আমিরাত। অন্য গ্রুপে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও উগান্ডা। দুটি গ্রুপের সেরা দুটি দল জায়গা পাবে বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ।









