পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে এলিট ফোর্সের কমান্ডো এবং তাসিরের দেহরক্ষী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
পুলিশ কর্মকর্তা সাজিদ গোনডাল বলেন, সোমবার ভোরে আদিয়ালা কারাগারে কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ৪ জানুয়ারি তাসিরকে ২৮ বার গুলি করে হত্যা করেন কাদরি। এই অপরাধে একই বছরের ১ অক্টোবর কাদরিকে ফাঁসির আদেশ দেয় আদালত।
কাদরি বলেছিলেন, পাকিস্তানের ব্লাসফেমি বা ধর্ম অবমাননা আইনের প্রকাশ্য বিরোধিতা করায় সালমান তাসিরকে তিনি হত্যা করেছেন। কাদরি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নাকচ করে দেয়া হয়।
পাকিস্তানের সন্ত্রাস বিরোধী একটি আদালত বিচার চলাকালে এ জবানবন্দির বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি আসামী পক্ষের আইনজীবী। এ বিচার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
২০১১ সালের ১ অক্টোবর তার প্রাণদণ্ড ঘোষণা করে আদালত। পাকিস্তানের সুপ্রিম কোর্ট এ রায় বহাল রাখে। এছাড়া কাদরির পক্ষ থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছিল তাও নাকচ করে দেয় আদালত।
কাদরির ফাঁসি কার্যকরের এক ঘণ্টার মধ্যে রাওয়ালপিন্ডি এবং রাজধানী ইসলামাবাদের কয়েকটি এলাকায় বিক্ষোভ হয়েছে।







