বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি হলো ‘দাবাং’। ২০১০ ও ১২ সালে মুক্তি পেয়েছিল যার প্রথম ও দ্বিতীয় কিস্তি। বেশ অনেকদিন যাবতই এর তৃতীয় কিস্তির তৈরি নিয়ে পরিকল্পনা চলছিল। অবশেষে ১ এপ্রিল থেকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
শুটিং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন সালমান। শেয়ার করা ভিডিওটিতে একসাথে দেখা যাচ্ছে সালমান ও তার ভাই আরবাজ খানকে। যার ক্যাপশনে সালমান লিখেছেন, “দাবাং থ্রি-এর শুটিংয়ের জন্য ফিরে এসেছি আমাদের জন্মস্থানে।” ‘দাবাং থ্রি’ এর পরিচালনায় রয়েছে প্রভূ দেবা ও প্রযোজনায় রয়েছেন আরবাজ খান।
এদিকে চলতি বছর ঈদে মুক্তি পাবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ ছবিটি। যার পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং প্রযোজনা করেছেন অতুল অগ্নিহোত্রী। ‘দাবাং থ্রি’-এর পরে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘ইনশাআল্লাহ’ সিনেমার শুটিং শুরু করবেন সালমান খান। সেখানে তার বিপরীতে থাকবেন আলিয়া ভাট।







