কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আলোচনায় আসেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই। বর্তমানে তিনি যোধপুর জেলে বন্দি আছেন। তবে তার অবর্তমানে সালমানকে হত্যার পরিকল্পনা করছিলেন গ্যাংস্টার দলের অন্যতম সদস্য সম্পদ নেহেরা। গত বুধবার হায়দরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৬ জুন হায়দরাবাদ থেকে সম্পদকে গ্রেপ্তার করে হরিয়ানার বিশেষ তদন্তকারী দল। রাজস্থানে কৃষ্ণসার হরিণকে যাঁরা পুজো করেন, সেই বিষ্ণুই সম্প্রদায়ের যুবক সম্পদ, যিনি পেশায় একজন শার্প শুটার। লরেন্স বিষ্ণেুই নামের কুখ্যাত মাফিয়া ডনের অন্যতম সহযোগী তিনি।
পুলিশি জিজ্ঞাসাবাদে সম্প্রতি মুখ খুলেছেন সম্পদ। তিনি জানিয়েছেন, লরেন্সের নির্দেশেই সালমান খানের উপর নজরদারি চালাতে মুম্বাই গিয়েছিলেন তিনি। হত্যার ছক কার্যকর করার জন্য মুম্বাইয়ে সালমানের বাড়ির ছবি তুলে রেখেছিলেন নিজের মোবাইল ফোনে। কোন পথ দিয়ে সালমান যাতায়াত করেন, তার উপরেও নজরদারি চালিয়েছিলেন তিনি।
এমনকি সালমানকে হত্যার চেষ্টা সফল হলে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলেও জানিয়েছেন সম্পদ।
২০ বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়েছিলেন সালমান খান। তবে যোধপুর সেন্ট্রাল জেলে দু’রাত কাটানোর পরই তিনি জামিন পেয়েছেন। সেই থেকে ক্ষোভে ফুঁসছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। তখনই মাফিয়া ডন লরেন্স বিষ্ণুই হুমকি দিয়েছিলেন, সালমান খানকে হত্যা করা হবে।








