ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে ঈদের জামাত শেষে পশু কোরবানি দিচ্ছেন।
নরসিংদী
বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহে মিলিত হন।
বুধবার সকাল ৯টায় চিনিশপুর ঈদগাহ্ ময়দানে মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই নামাজে অংশ নেন।
সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ্ ময়দানে। পানি সম্পদ প্রতি মন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম বীর প্রতীক, উপজেলা চেয়ারম্যান, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই নামাজে।
নামাজ শেষে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
সিলেট
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। লাখো মুসল্লি সেখানে ঈদের নামাজ আদায় করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সিনিয়র নেতারা এ জামাতে অংশ নেন।
একই সময় হযরত শাহজালাল রহমতু্ল্লাহি দরগাহ মসজিদেও ঈদের প্রধান জামাত হয়।
ঈদের জামাত আদায়ের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ত্যাগ ছাড়া বড় কিছু আদায় হয় না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
খুলনা
ধর্মীয় ভাব গাম্ভীর্যে খুলনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে হয়।
সিটি মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসক বেলাল হোসেন ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যক্তিরা জামাতে উপস্থিত ছিলেন।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩১টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দানে এবং স্থানীয় মসজিদসমূহে মসজিদ কমিটি ঈদের নামাজের নিজস্ব সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
জেলা শহরের মোক্তারপাড়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা অংশ নেন।
এছাড়াও জেলায় এক হাজার ৭৩০টি মসজিদে ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে একে অপরের সাথে কোলাকুলি,ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
ময়মনসিংহ
ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে ঈদ। বিভাগীয় শহর ময়মনসিংহে বুধবার সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল আজহার প্রথম জামাতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র মো. ইকরামুল হক টিটুসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার সকাল ৮টায় শহরের কাজীপাড়ার জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রে ঈদের নামাজ আদায় করেন।
পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও জেলা শহরসহ বিভিন্ন উপজেলার মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।
দিনাজপুর
এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল আজহার প্রধান জামাত এবার অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল ৯টায় এ জামাতে দূর-দূরান্ত থেকে অংশ নেন প্রায় সাড়ে ৩ লাখ মুসল্লি। ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে দিনাজপুরে এ ঈদের জামাত পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়।
নামাজে অংশ নেন বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর ,পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ প্রায় সাড়ে ৩ লক্ষাধিক মুসল্লি।
রাজধানী ঢাকা, চট্রগ্রাম, বগুড়া, রংপুর, নীলফামারী, জয়পুরহাটসহ আশপাশের অনেক জেলার মুসল্লি অংশ নেন এ জামাতে।
জামালপুর
জামালপুরে ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জামালপুর ঈদগাহ মাঠে। দ্বিতীয় প্রধান জামাত হয়েছে শহরের কাচারী শাহী মাঠে।
এ মাঠে মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন সাবেক ভূমিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। অন্যান্যদের মধ্যে নামাজ আদায় করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানাসহ আরো অনেকে।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়াও শহরের পুরাতন পৌরসভা জামে মসজিদ, গেইট পাড়, পিটিআই, মুসলিমাবাদসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল
বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। সিটি মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো.শহিদুজ্জামান, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া বরিশাল নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদ জামে এবাদুল্লাহ মসজিদ, কেন্দ্রিয় জামে কসাই মসজিদ, পুলিশ লাইনস্ জামে মসজিদে দুইটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে চরমোনাই দরবার শরীফ ময়দানে। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ ময়দানে।
এছাড়া বিভাগের ঝালকাঠীর মরহুম হযরত কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা, পটুয়াখালীর মীর্জাগঞ্জ মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা (র.) মাজার ওয়াকফ্ স্টেট ময়দান এবং উজিরপুর গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী
পটুয়াখালীতে বড় জামে মসজিদে ও পৌরসভা ঈদগাহে ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়।
নোয়াখালী
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ওটারহাট ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
ফরিদপুর
ফরিদপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের চাঁনমারীতে কেন্দ্র্রীয় ঈদগাহ ময়দানে। এতে নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় মন্ত্রী পুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু ও সায়েমা ওয়াজেদ পুতুলের পুত্র খন্দকার জারিফ হোসেন মুজিবসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আওয়ামীলীগের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
জামাত শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
খাগড়াছড়ি
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান জামাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লি নামাজে অংশ নেন। মোনাজাতে বিশ্ব উম্মাহর শান্তি ও পাহাড়ি-বাঙালি যেন মিলেমিশে বসবাস করতে পারে সে প্রার্থনা করা হয়।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সংসদ সদস্য শামীম ওসমানের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৮টায় নগরীর ইসদাইর এলাকায় এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম ও কেন্দ্রীয় ইদগাহ সমন্বয়ে জেলার বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের ইতিহাসে এটিই সর্ববৃহৎ ঈদের জামাত হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এই ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
এই ঈদের জামাতকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তমূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কঠোর নজরদারি করে।
এছাড়া সকাল সাড়ে সাতটায় নগরীর খানপুর এলাকায় ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে আরো একটি বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন আল মামুনসহ জেলার সাবেক ও বর্তমান জাতীয় ফুটবলাররা অংশ নেন।
বগুড়া
বগুড়ায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়। প্রায় ৪০ হাজার মুসল্লি জামাতে অংশ গ্রহণ করেন। নামাজে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।
এছাড়া আলতাফুননেছা খেলার মাঠ, বগুড়া জিলাস্কুল, করোনেশন স্কুল মাঠ,পুলিশ লাইন্স মাঠ এবং বগুড়া ক্যান্টনমেন্টের ২টি মাঠে অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি
ঝালকাঠির জামে মসজিদে ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত বুধবার সকাল পৌনে ৮ টায় অনুষ্ঠিত হয়েছে। শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুসহ জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মানুষ ঈদের জামাতে নামাজ আদায় করেন।
নামাজ শেষে সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঝালকাঠি জেলায় প্রায় ৩ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি দেয়া হয়।
রাজবাড়ী
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টায় রাজবাড়ী জেলা শহরের রেলওয়ে ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজে অংশ নেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাবেক এমপি আলী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা পাওয়ার ডিভিশন কোম্পানী’র নির্বাহী পরিচালক এটিএম হারুন অর রশীদ বাদশা, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব আকবর আলী মর্জি, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দালের নেতারাসহ কয়েক হাজার মুসল্লি।
এছাড়া, পুলিশ লাইন, সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ, আঞ্জুমান ই কাদেরীয়া (বড় মসজিদ)সহ জেলার বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ ও পাংশা উপজেলা কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হয়।
রংপুর
বিভাগীয় নগরী রংপুরে ঈদুল আযহার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল ৮টায়, মুন্সিপাড়া ঈদগাহ ও মুলাটোল আলীয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৮ টা, কেরামতিয়া জামে মসজিদে ৯টা, রংপুর সদর উপজেলা, মিঠাপুকুর উপজেলা পরিষদ ঈদগাহ এবং পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ ও গঙ্গাচড়ার পাইকান জামে মসজিদে সকাল ৯ টায়, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, গঙ্গাচড়া ও পীরগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৯টায় এবং বদরগঞ্জের চান্দামারী কারামতিয়া ঈদগাহে ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়। ইমামতি করেন মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহিম। কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুসহ মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন।
নাটোর
যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এছাড়া শহরের মল্লিকহাটি ঈদগাহ ময়দান, নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ মাঠ, কেন্দ্রীয় মসজিদ, বড় মসজিদ, গাড়িখানা মসজিদ, বাস টার্মিনাল মসজিদ, বুড়া পীড়ের দরগাসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা পশু কোরবানি দেন।
সকালে জেলার সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া ঈদগাহ ময়দানে ডাক ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঈদের নামাজ আদায় করেন। নাটোর-১ ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য যথাক্রমে আবুল কালাম আজাদ ও অধ্যাপক আব্দুল কুদ্দুস নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন।
বরগুনা
আনন্দঘন পরিবেশে বরগুনায় পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। সকাল ৭.৪৫ মিনিটে ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা
গাইবান্ধা জেলা শহর ও পার্শ্ববর্তী এলাকার মধ্যে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় পৌর গোরস্থান মসজিদে সকাল ৯ টায়। একই সময়ে কেন্দ্রীয় ঈদগাহ ও গোবিন্দগঞ্জে কুঠিবাড়ী ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়।
এছাড়াও এনএইচ মডার্ন হাইস্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগাহ মাঠ, রেল ষ্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিড কোম্পানীপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রীজ রোড আহলে হাদীস জামে মসজিদ, গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়।
জেলার সাত উপজেলায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার জামাত শেষে পাড়া-মহল্লায় চলে কোরবানি।







