সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কতগুলো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) আছে তার একটি তালিকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সেই সঙ্গে একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপনে কত টাকা খরচ হয় এবং কি পরিমাণ লোকবল ও বিশেষজ্ঞের প্রয়োজন হয় সে বিষয়েও প্রতিবেদন দাখিল করতে বলছেন আদালত।
আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে হলফনামা আকারে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাখিল করা অগ্রগতি প্রতিবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
বৃহস্পতিবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।







