সারাদেশে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইড্রোলিক হর্ন বন্ধে এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দিলেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
গত ২৩ আগস্ট ঢাকা শহরে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধেও নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও বাজারে বিক্রির জন্য রাখা হাইড্রোলিক হর্ন জব্দ করতে বলা হয় ওই নির্দেশনায়। পাশাপাশি যেসব গাড়ীতে হাইড্রোলিক হর্ন বাজবে সেই গাড়ীগুলোও জব্দ করতে বলা হয়।
মানবাধিকার সংগঠন এইচআরপিবি’র পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদের ওই রিটটি করেন।







