সারাদেশের দু’হাজার স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাব

সারা দেশের স্কুল ও কলেজ পর্যায়ে দু’হাজার কম্পিউটার ল্যাব তৈরির জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। দু’হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ল্যাপটপ দেয়া হবে। প্রতিটি ল্যাবে থাকবে ১৭টি করে ল্যাপটপ।
তথ্য-প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ওই কার্যক্রম অবদান রাখবে বলে আশা করছে আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের(পরিকল্পনা ও উন্নয়ন)অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেন, শিক্ষাখাতে এখন সরকার আইসিটি আবশ্যিক করেছে। শিক্ষাটাকে পরিপূর্ণ করতে তো একটা ডিভাইস লাগবে তখন তারা এটার সাথে ব্যবহারিক কাজটা করতে পারবে। ওইসব ল্যাবে কম্পিউটার শিক্ষার পাশাপাশি ৬৪টি ল্যাবে থাকবে বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ব্যবস্থা। বিশেষ করে বিদেশগামীদের জন্য চিন্তা করে ওই ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশের যে ছেলে মেয়েরা বাইরে যায় তাদের ঐ ল্যাবেই ভাষা শেখাবে। আগের থেকেই যাদের বিদেশে যাবার চিন্তা,চেতনা আছে সে ভাষাটা শিখে এসে পারবে।
এ বছরের শেষ নাগাদ ল্যাবগুলোতে কম্পিউটার সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কম্পিউটার ল্যাব তৈরির জন্য প্রকল্প অনুমোদন হয়েছে। খরচ হবে ২’শ ৯৮ কোটি টাকা।






