সামিত প্যাটেল ও আইকন সাব্বির রহমানের ব্যাটে হেসে খেলে ৬ উইকেটে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে রাজশাহী কিংস।
১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে দলটি। দলীয় ২৭ রানে দুই ওপেনার রনি তালুকদার ও মুমিনুল হককে হারালেও এরপর ঘুরে দাড়ায় রাজশাহী। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত ছিলেন সামিত প্যাটেল। ২৫ বলে ৬ চার ও ১ ছক্কায় এই ইনিংসটি সাজান তিনি।
প্যাটেলের সঙ্গে অপরপ্রান্তে দাড়িয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে সাহায্য করেন সাব্বির রহমান। হার্ডহিটার এ ব্যাটসম্যানের কাছ থেকে আসে ৩১ রানের আরও একটি চমৎকার ইনিংস। তাছাড়া উমর আকমল ২৭ ও সাঙ্গাকারা ১৪ রান করে আউট হয়েছেন।
এরআগে টসে হেরে দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। মোসাদ্দেক সৈকতের অসাধারণ বাটিংয়ে এ রান করতে সক্ষম হয় ঢাকা। সৈকত অনবদ্য ৫৯ রান করেন।










