সাভারের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সমাপ্ত

সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়ি দুটিতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিনটায় প্রেস ব্রিফিং করে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
এই অভিযানে সন্দেহভাজন জঙ্গিদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে গ্রেনেড ও সুইসাইডাল ভেষ্ট ছাড়াও কয়েকটি ল্যাপটপ, বোমা তৈরির দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়িতে শনিবার বিকেলের দিকে চূড়ান্ত অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান শুরুর পর সেখান থেকে মাঝে মাঝে পাওয়া যায় বিষ্ফোরণের শব্দ।
অভিযানে অংশ নিতে শনিবার সকালে ঢাকা থেকে সেখানে পৌঁছায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম।
শুক্রবার রাতে নামাগেন্ডা এলাকার সাকিব নামে সৌদি প্রবাসী এক ব্যক্তির ছয় তলা বাড়ি ঘিরে রাখে পুলিশের বিশেষ দল। ওই বাড়ির একটি ফ্লোর থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই ও ল্যাপটপ জব্দ করে পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার আরেকটি পাঁচ তলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির জানালা কেটে জঙ্গি মনিরসহ দু্ই ব্যক্তি পালিয়ে যায় বলে দাবি করে পুলিশ।
ওই বাড়ি থেকে শুক্রবার রাতে এক নারীকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।



