চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশাল উন্নতি করেছেন সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে সাব্বির ২২ ও বোলিংয়ে ফিজ ১২ ধাপ এগিয়েছেন।
চট্টগ্রামে দুই ইনিংসে ৬৬ ও ২৪ রান করেছিলেন সাব্বির। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৭৩ নম্বরে।
আর দুই ইনিংসে ৩ ও এক মোট চার উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে মোস্তাফিজ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩ নম্বরে।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। ঢাকা টেস্টের পর তিন ধাপ উন্নতি হয়েছিল তার। এবার আরও এক ধাপ এগিয়েছেন। চট্টগ্রামে ৩ উইকেট নেয়া মিরাজ আছেন ২৯ নম্বরে। দুই ইনিংসে ৬৮ ও ৩১ রানের ইনিংস খেলে অধিনায়ক মুশফিকুর রহিম এগিয়েছেন এক ধাপ। তার অবস্থান ২২ নম্বরে।
ঢাকা টেস্টে দারুণ খেলে ব্যাটিংয়ে ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে উঠেছিলেন তামিম ইকবাল। কিন্তু চট্টগ্রামে দুই ইনিংসে ৩০ রান করে দুই ধাপ নিচে নেমে এখন আছেন ১৬ নম্বরে। এক ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসানও। তিনি আছেন ১৮ নম্বরে।
ঢাকা টেস্টের পর বোলিংয়ে তিন ধাপ উন্নতি করে সাকিবের স্থান হয়েছিল ১৪তম স্থানে। কিন্তু শেষ টেস্টের পর বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে সাকিব এখন ১৭তম স্থানে।
ব্যাটিং-বোলিংয়ে কিছুটা অবনতি হলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তবে হারিয়েছেন ৩৩ পয়েন্ট। মিরপুর টেস্টের পর ক্যারিয়ার সর্বোচ্চ ৪৮৯ রেটিং পয়েন্ট পেয়েছিলেন সাকিব। সেটি কমে এখন হয়েছে ৪৫৬। তবে দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে ব্যবধানটা এখনও ২৬ পয়েন্টের।








